নিউজ ডেস্ক :
গণ-অভ্যুত্থানের বিরোধীরা একটি সুপরিকল্পিত ছদ্ম-যুদ্ধ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। সোমবার (১০ মার্চ) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ করেন।
পোস্টে মাহফুজ আলম জানান, নারী ও শিশুর বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধ, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম বন্ধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার কঠোর অবস্থানে রয়েছে। অপরাধীদের গ্রেপ্তার ও বিচার দ্রুততার সঙ্গে করার লক্ষ্যে কার্যক্রম চালানো হচ্ছে। তিনি বলেন, “সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে, এবং ইতোমধ্যে এই লক্ষ্যে সমন্বিত অভিযান শুরু হয়েছে।”
তবে এত পদক্ষেপের পরও গণ-অভ্যুত্থানের বিরোধীরা সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। তার ভাষায়, “সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, ব্যবসায়ী শ্রেণি ও মিডিয়ার মধ্যে অভ্যুত্থান-পন্থীদের বিরোধ এবং অপরদিকে তাদের বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া সরকারকে চাপে ফেলছে।”
তিনি আরও বলেন, “সরকার একটি সুসংগঠিত দেশি-বিদেশি চক্রের বিরুদ্ধে যুদ্ধ করছে। একটি নিয়ন্ত্রিত কন্ট্রোল রুম থেকে এই ষড়যন্ত্র পরিচালিত হচ্ছে। আমাদের সেই যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়তে হবে।”
রাষ্ট্র সংস্কার, গণহত্যা ও লুটপাটের বিচার এবং গণতান্ত্রিক রূপান্তরের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ওপর দৃষ্টি রাখতে হবে বলে মনে করেন মাহফুজ আলম। তিনি বলেন, “সরকার দেশকে পুনর্গঠনের যথাযথ সক্ষমতা অর্জন করেছে বলেই আন্তর্জাতিক মহল দ্রুত সরকার পরিবর্তনের জন্য চাপ দিচ্ছে। কিন্তু নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে, এবং তার আগেই রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করা হবে। পাশাপাশি খুনি, ধর্ষক ও লুটেরাদের বিচারও সম্পন্ন হবে।”
