নিউজ ডেস্ক:
ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২৪:
শুভ বড়দিন ও নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকাস্থ কাকরাইলে অবস্থিত আর্চবিশপের হাউজ পরিদর্শন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। এই শুভ উপলক্ষে তিনি খ্রিস্টান ধর্মাবলম্বী সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান এবং তাঁদের উত্সবের আনন্দে শামিল হন।
সেনাবাহিনী প্রধান বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের দেশের গর্ব এবং ঐতিহ্যের অংশ। সকল ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ উৎসব উদযাপন করতে পারে, তা নিশ্চিত করতে সেনাবাহিনী সবসময় প্রস্তুত। অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বিতভাবে কাজ করে সেনাবাহিনী নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে।”
তিনি আশা প্রকাশ করেন, অন্যান্য সম্প্রদায়ের মানুষও খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন ও নববর্ষ উদযাপনে আন্তরিক সহযোগিতা করবে। সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সুখী, সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
পরিদর্শনকালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আর্চবিশপ এবং অন্যান্য খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দ সেনাবাহিনী প্রধানের এ পরিদর্শনকে আন্তরিকতার প্রতীক হিসেবে মূল্যায়ন করেন।
