নিউজ ডেস্ক:
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। দীর্ঘ এক যুগ পর বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস খালেদা জিয়ার উপস্থিতিকে স্মরণীয় বলে অভিহিত করেন।
ড. ইউনূস বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্ত্রী খালেদা জিয়া এখানে এসেছেন। এক যুগ তিনি আসার সুযোগ পাননি। আমরা গর্বিত এই সুযোগ দিতে পেরে।” তিনি আরও বলেন, “দীর্ঘদিনের অসুস্থতা সত্ত্বেও বিশেষ দিনে সবার সঙ্গে শরিক হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার আশু রোগমুক্তি কামনা করছি।”
দীর্ঘদিন পর এটি ছিল খালেদা জিয়ার প্রথম কোনো প্রকাশ্য কর্মসূচিতে অংশগ্রহণ। এর আগে, ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি তিনি সর্বশেষ সিলেট সফরে গিয়েছিলেন।
এ বছর সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও আমন্ত্রণ জানানো হয়, যা ২০০৯ সালের পর প্রথমবারের মতো ঘটল। এ ছাড়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক সামরিক কর্মকর্তাসহ মোট ২৬ জন আমন্ত্রিত ছিলেন।
গত মঙ্গলবার রাতে সেনাকুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আমন্ত্রণ জানায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সশস্ত্র বাহিনী বিভাগ। আমন্ত্রণপত্রটি সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লে. জেনারেল মিজানুর রহমান শামীম এবং সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল এ এস এম কামরুল আহসান বিএনপি চেয়ারপারসনের কাছে পৌঁছে দেন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য সিনিয়র নেতাদের আমন্ত্রণপত্র বিএনপির গুলশান কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়। আমন্ত্রণপত্র গ্রহণ করেন চেয়ারপারসনের একান্ত সচিব আবদুস সাত্তার।
