নিউজ ডেস্ক:
খাগড়াছড়ি থেকে অপহৃত ঈসমাইল হোসেনকে উদ্ধারে সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তার পরিবার। নরসিংদী সদর উপজেলার ব্রাহ্মন্দী এলাকায় বুধবার (১৪ মে) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এই দাবি জানান।অপহৃত ঈসমাইল হোসেন (৩০) নরসিংদীর বেলাবো উপজেলার বাজনাবো ইউনিয়নের বীরবাঘাব গ্রামের নুরুল ইসলামের ছেলে। তিনি খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার ময়ূরখীল এলাকায় রবি মোবাইল নেটওয়ার্ক টাওয়ারে টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন।
পরিবারের দাবি অনুযায়ী, গত ১৯ এপ্রিল ইউপিডিএফ নামক একটি উগ্রপন্থি সংগঠনের সদস্যরা তাকে অপহরণ করে। প্রায় ২৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি, যা নিয়ে পরিবারে নেমে এসেছে চরম উৎকণ্ঠা ও হতাশা।সংবাদ সম্মেলনে ঈসমাইলের বড় ভাই শাহীন মিয়া (৩৫) লিখিত বক্তব্যে বলেন, “আমরা রবি কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের কাছে একাধিকবার গিয়েছি। খাগড়াছড়িতে সাধারণ ডায়েরিও (জিডি) করেছি। কিন্তু এক মাস পার হলেও কোনো অগ্রগতি নেই।”তিনি অভিযোগ করেন, অপহরণের বিষয়ে রবি কর্তৃপক্ষকে জানালে তারা ‘ইডটকো’ নামের একটি প্রতিষ্ঠানের কথা বলেন। পরবর্তীতে ইডটকো ‘সাবস্’ নামে আরেকটি প্রতিষ্ঠানের কাছে পাঠায়। কিন্তু উভয় প্রতিষ্ঠানই বিষয়টি এড়িয়ে যায় এবং সাহায্য করতে অপারগতা প্রকাশ করে।ঈসমাইলের পরিবার এই অবস্থায় প্রধানমন্ত্রী ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়ে বলেন, “আমরা ঈসমাইলকে দ্রুত ও নিরাপদে ফিরে পেতে চাই। দয়া করে আমাদের আর্তনাদ শুনুন।”
এ বিষয়ে প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
