নিউজ ডেস্ক:
বাংলাদেশ কোস্টগার্ডকে আধুনিক ও কার্যকর বাহিনীতে রূপান্তরের জন্য সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ডের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, আর সেই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যরাও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সীমান্ত পাহারা, সাগর ও নদীতে মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিতসহ নানা অভিযানে তারা সফলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, আন্দোলন-পরবর্তী সময়ে কোস্টগার্ড সদস্যরা অপরাধ দমনে ভূমিকা রাখছে। তারা নিয়মিত অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তার করছে।
বাহিনীকে আরও শক্তিশালী করতে হেলিকপ্টার সংযোজনসহ আধুনিকায়নের নানা পদক্ষেপ নেওয়া হয়েছে বলেও জানান তিনি। সমুদ্রসীমা সুরক্ষিত রাখতে কোস্টগার্ড সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
