নিউজ ডেস্ক:
কুমিল্লা সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর গ্রামের সীমান্তে একটি পুকুরের ওপর সুরক্ষা দেয়াল ও কাঁটাতারের বেড়া নির্মাণ করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পুকুরটির অর্ধেক বাংলাদেশে এবং অর্ধেক ভারতের ত্রিপুরা রাজ্যের সোনামুড়া থানার সূর্যনগরে পড়েছে। এই পুকুর স্থানীয় বাসিন্দাদের পানির অন্যতম উৎস এবং দৈনন্দিন কাজে ব্যবহৃত হয়।
রোববার দুপুরে ঘটনাস্থলে দেখা যায়, বিএসএফ পুকুরটির ভারতীয় অংশে সুরক্ষা দেয়াল নির্মাণ করছে। বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় ১৫০ গজের মধ্যে ভারতীয় কর্তৃপক্ষের বেড়া নির্মাণের অনুমতি রয়েছে। তবে নকশার বাইরে কাজ হলে তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকের মাধ্যমে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, বিএসএফ সীমান্ত এলাকায় অস্ত্র তাক করে ভয়ভীতি দেখাচ্ছে এবং জিরো পয়েন্টের দিকে গেলেই সীমান্ত ছাড়ার হুমকি দিচ্ছে।
কুমিল্লা ১০ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ জানান, “আমরা আমাদের সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছি। ভারতের কার্যক্রম নকশা অনুযায়ী হচ্ছে কিনা তা সবসময় মনিটর করছি। আমাদের এক ইঞ্চি মাটিও দখলে যেতে দেব না।”
এদিকে, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রামধনপুর সীমান্ত এলাকায়ও তিন দিন ধরে কাঁটাতারের বেড়া নির্মাণ কাজ চলছে। স্থানীয়দের দাবি, সীমান্ত পিলারের কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণ করে বিএসএফ বাংলাদেশের সীমানায় প্রবেশ করছে।
