নিউজ ডেস্ক :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এক নারী শিক্ষার্থীকে প্রশ্নপত্রসহ উত্তরপত্র সরবরাহের অভিযোগে বিভাগের শিক্ষক কাজী এম আনিছুল ইসলামকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা যাচাইয়ে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. জাকির ছায়াদউল্লাহ খান এবং সদস্য সচিব পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ নুরুল করিম চৌধুরী।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বুধবার (১২ মার্চ) বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত শিক্ষক কোনো একাডেমিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না এবং ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা থাকবে।
এর আগে, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও গণমাধ্যমকর্মীদের কাছে একটি উড়ো মেইলে অভিযোগ আসে, যেখানে দাবি করা হয় ওই শিক্ষকের এক শিক্ষার্থীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং তিনি তাকে একাধিকবার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে সহায়তা করেছেন। অভিযোগের ভিত্তিতে বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের তৃতীয় বর্ষ দ্বিতীয় সেমিস্টার ফাইনাল পরীক্ষা স্থগিত করা হয়েছে।
