নিউজ ডেস্ক :
চার দিনের সরকারি সফরে কাতারে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২২ এপ্রিল) স্থানীয় সময় রাত ৯টা ৪০ মিনিটে দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর তাকে লাল গালিচা সংবর্ধনায় অভ্যর্থনা জানানো হয়। কাতার সরকারের প্রটোকল প্রধান এবং বাংলাদেশে নিযুক্ত কাতারের রাষ্ট্রদূত ইব্রাহিম ফাখরু তাকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
এর আগে সোমবার সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দোহার উদ্দেশে রওনা হন অধ্যাপক ইউনূস। প্রেস উইং জানিয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানির আমন্ত্রণে তিনি এ সফরে গেছেন।
সফরের মূল উদ্দেশ্য ‘আর্থনা সামিট ২০২৫’-এ অংশগ্রহণ। দ্বিতীয়বারের মতো আয়োজিত এই আন্তর্জাতিক সম্মেলনের প্রতিপাদ্য—‘আমাদের উত্তরাধিকার গড়ে তোলা: স্থায়িত্ব, উদ্ভাবন ও ঐতিহ্যবাহী জ্ঞান’। এতে অংশ নিয়ে অধ্যাপক ইউনূস বিভিন্ন বৈশ্বিক বিষয়ে বক্তব্য রাখবেন এবং টেকসই উন্নয়ন ও সামাজিক উদ্ভাবন বিষয়ে মতবিনিময় করবেন। সম্মেলনে উপস্থাপনা, প্যানেল আলোচনা, কর্মশালা ও গোলটেবিল বৈঠকের মাধ্যমে দুই দিনব্যাপী বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টার একান্ত বৈঠকের সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। কাতারের অনন্য পরিবেশগত বৈচিত্র্য ও ঐতিহ্যকে কাজে লাগিয়ে স্থায়ী উন্নয়নের অগ্রগতির বার্তা ছড়াতে সম্মেলনে গুরুত্বারোপ করা হবে।
