নিউজ ডেস্ক:
ঢাকার কদমতলী থানার শ্যামপুর মডেল কলেজ রোডের পাশে একটি ফাঁকা স্থান থেকে একটি পরিত্যক্ত হ্যান্ড সাউন্ড গ্রেনেড উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১১ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
ডিসি তালেবুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কদমতলী থানার পুলিশ অভিযান চালিয়ে সাউন্ড গ্রেনেডটি উদ্ধার করে। গ্রেনেডের গায়ে ইংরেজিতে “AKSAV Flash Bang Diversionary Device” লেখা রয়েছে। এটি শ্যামপুর মডেল কলেজ রোডের একটি তারকাটা ফ্যাক্টরির পাশের খালি জায়গা থেকে উদ্ধার করা হয়েছে।
উল্লেখ্য, সাউন্ড গ্রেনেড সাধারণত শব্দ এবং আলো উৎপন্ন করে আতঙ্ক সৃষ্টি করার জন্য ব্যবহৃত হয়। উদ্ধারকৃত গ্রেনেডটি পরীক্ষা ও নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
