নিউজ ডেস্ক:
কক্সবাজারে নিখোঁজের ৮ ঘণ্টা পর আহাদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকাল ৫টায় ডিসি পার্ক এলাকা থেকে নিখোঁজ হওয়ার পর বুধবার (৮ জানুয়ারি) রাত ১টায় একটি স্কুলের পাশের খালি প্লট থেকে তার মরদেহ পাওয়া যায়।
নিহত শিশুটির শরীরে বিভিন্ন আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার গলায় হাতের চাপ ও নখের দাগ, পিঠে ও হাতে আঘাতের চিহ্ন ছিল। মুখে ফেনা এবং নাক ও কানে বালি ভর্তি ছিল। পুলিশের ধারণা, শিশুটিকে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে।
নিহত আহাদের এক বন্ধু জানান, খেলার সময় কিছু অচেনা ব্যক্তি তাদের লজেন্স দেয়ার প্রস্তাব দেন। পরে সেই ব্যক্তিরা আহাদকে জোর করে নিয়ে যেতে চেষ্টা করলে সে পালিয়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, ডিসি পার্কের নির্জন ও পরিত্যক্ত জায়গাগুলো অপরাধীদের আড্ডাস্থলে পরিণত হয়েছে। এলাকাটি মাদকাসক্ত ও অসামাজিক কার্যকলাপের জন্য অনুকূল হওয়ায় এমন ঘটনা আগেও ঘটেছে।
কক্সবাজার সদর থানার ওসি মো. ইলিয়াস মিয়া জানান, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনার তদন্ত চলছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
এদিকে, এই ঘটনার পর নিরাপত্তার ঘাটতি নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়রা দাবি করেছেন, পার্কের নির্জন অংশে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা না হলে এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে।
