নিউজ ডেস্ক :
কক্সবাজার থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট আকাশে ওড়ার পরই পেছনের একটি চাকা খুলে নিচে পড়ে গেছে। শুক্রবার (১৬ মে) দুপুর ১টা ২০ মিনিটে কক্সবাজার বিমানবন্দর থেকে উড্ডয়ন করে বিজি ৪৩৬ ফ্লাইটটি, যাতে শিশুসহ মোট ৭১ জন যাত্রী ছিলেন।
উড্ডয়নের পরপরই পাইলট ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোলকে জরুরি বার্তা পাঠান এবং জানান, তিনি জরুরি অবতরণের সিদ্ধান্ত নিয়েছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতা জারি করা হয় এবং ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট সব সংস্থা প্রস্তুত রাখা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) এবিএম রওশন কবীর গণমাধ্যমকে জানান, কক্সবাজারের রানওয়ে ছাড়ার কিছুক্ষণের মধ্যেই পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। এ অবস্থায় ইঞ্জিনিয়ারিং টিম রানওয়ের পাশে প্রস্তুত রয়েছে এবং ফ্লাইটটিকে ‘ইমারজেন্সি’ ঘোষণা করা হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, পেছনের একটি চাকা খুলে গেলেও নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করে বিমান নিরাপদে অবতরণ সম্ভব।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি বর্তমানে ঢাকার আকাশে অবস্থান করছে এবং কিছুক্ষণের মধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করতে পারে।
