নিউজ ডেস্ক :
দেশের ভবিষ্যৎ এখনো সমৃদ্ধ নয়, সামনে আরও অনেক কিছু অর্জন বাকি রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, জাতির অগ্রগতির জন্য আমাদের এখন থেকেই কাজ শুরু করতে হবে এবং পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে, যাতে কেউ ভয়ের মধ্যে না থাকে।
সোমবার (৩১ মার্চ) বিকেলে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ঈদের মূল বার্তা হলো ঐক্য ও সম্প্রীতি। অতীত ভুলে সামনে এগিয়ে যাওয়ার মধ্যেই নিহিত রয়েছে সমৃদ্ধ আগামীর চাবিকাঠি।
তিনি এবারের ঈদকে বিশেষভাবে গুরুত্বপূর্ণ উল্লেখ করে বলেন, এই উৎসব যেন আমাদের পারস্পরিক দূরত্ব কমিয়ে আনতে সাহায্য করে এবং সমাজকে আরও ঐক্যবদ্ধ করে তোলে। দেশের স্বার্থে, জাতির ভবিষ্যতের জন্য এখনই সবাইকে একত্রিত হয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
