নিউজ ডেস্ক :
এ বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি। রবিবার সচিবালয়ে স্বাধীনতা দিবস ও আসন্ন ঈদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত এক সভা শেষে তিনি এ তথ্য জানান।
সভায় সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেনেন্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি জানান, ঈদকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ এড়াতে গার্মেন্টস শ্রমিকদের বেতন ও ভাতা ঈদের আগেই পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, ধাপে ধাপে ছুটি ঘোষণার বিষয়ে তৈরি পোশাক শিল্প সংগঠনগুলো সিদ্ধান্ত নেবে।
নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সচিব বলেন, নির্দিষ্ট কোনো হুমকি না থাকলেও ঝুঁকি সব সময়ই থাকে। আইনশৃঙ্খলা বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চাঁদাবাজি বন্ধসহ প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, বিজয় দিবসের মতো এবার স্বাধীনতা দিবসেও কুচকাওয়াজের আয়োজন থাকছে না।
