নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) প্রধান হিসেবে চূড়ান্ত অনুমোদন পেলেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল। বৃহস্পতিবার মার্কিন সিনেটের ভোটে ৫১-৪৯ ব্যবধানে এ নিয়োগ চূড়ান্ত হয়। ডেমোক্র্যাটদের পাশাপাশি রিপাবলিকান দুই সিনেটর সুসান কলিনস ও লিসা মুরকোস্কি তার বিপক্ষে অবস্থান নেন।
সিনেটে অনুমোদনের পর কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “আমাদের বিচার ব্যবস্থার রাজনীতিকরণ জনসাধারণের আস্থা নষ্ট করেছে। কিন্তু আজই তা শেষ হচ্ছে।”
তবে ডেমোক্র্যাট ও সমালোচকরা তার রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের দাবি, ট্রাম্পের ঘনিষ্ঠ এই কর্মকর্তার নেতৃত্বে এফবিআই নিরপেক্ষতা হারাতে পারে। অন্যদিকে রিপাবলিকানদের দাবি, সংস্থাটির হারানো জৌলুশ ফিরিয়ে আনতে সক্ষম হবেন প্যাটেল।
ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি জাতীয় নিরাপত্তা কাউন্সিলের কর্মকর্তা এবং প্রতিরক্ষামন্ত্রীর চিফ অব স্টাফ হিসেবে কাজ করেছেন। গত ৩০ নভেম্বর এফবিআই প্রধান হিসেবে তার নাম ঘোষণা করেন ট্রাম্প।
কাশ্যপ প্রমোদ প্যাটেল, সংক্ষেপে কাশ প্যাটেল, ১৯৮০ সালে নিউইয়র্কে জন্মগ্রহণ করেন। তবে তার শৈশব কাটে পূর্ব আফ্রিকায়। বাবা-মা দুজনই গুজরাটি।
সূত্র: যমুনা টিভি
