নিউজ ডেস্ক :
চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) যেন বিদেশি কিংবা বেসরকারি কোনো প্রতিষ্ঠানের হাতে না যায়—এই দাবিতে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম মহানগর জামায়াতে ইসলামী। রোববার (২০ এপ্রিল) সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে দলের অবস্থান তুলে ধরেন মহানগর জামায়াতের আমির শাহাজান চৌধুরী।
তিনি বলেন, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে এনসিটির পরিচালনা ও নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে থাকাই উচিত। বিদেশি বা বেসরকারি মালিকানায় গেলে কেবল অর্থনৈতিক ক্ষতিই নয়, বরং দেশের সার্বভৌমত্বও হুমকির মুখে পড়বে। এমনকি বন্দরের কর্তৃত্ব হারানোর আশঙ্কাও তৈরি হবে বলে তিনি মন্তব্য করেন। তার ভাষায়, “এনসিটি থেকে অর্জিত মুনাফা যদি দেশের বাইরে চলে যায়, তা কখনোই মেনে নেওয়া যায় না।”
সংবাদ সম্মেলনে শাহাজান চৌধুরী স্পষ্টভাবে জানান, চট্টগ্রাম জামায়াত চায় এনসিটি সম্পূর্ণরূপে সরকার ও বন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হোক। দাবি মানা না হলে কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
