নিউজ ডেস্ক :
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির সিদ্ধান্ত ঘিরে কর্মচারীদের মধ্যে যে বিভ্রান্তি দেখা দিয়েছিল, তা অবশেষে কেটে গেছে। ধাপে ধাপে তাদের দাবি বাস্তবায়ন করা হবে বলে আশ্বাস দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
২০ মে বিকেলে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা জানান। অর্থ উপদেষ্টা বলেন, ঈদের পর এনবিআর বিলুপ্তির অধ্যাদেশ বাস্তবায়নের জন্য প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর ধাপে ধাপে কর্মীদের দাবিগুলো বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হবে। তবে অধ্যাদেশে আপাতত কোনো পরিবর্তন আসছে না বলেও তিনি সাফ জানিয়ে দেন।
উল্লেখ্য, গত ১২ মে এনবিআর বিলুপ্ত করে সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি নতুন বিভাগ গঠনের অধ্যাদেশ জারি করে। এরপরই এনবিআরের বিভিন্ন শাখায় কর্মরতরা অধ্যাদেশের কিছু ধারায় পরিবর্তনের দাবি জানিয়ে আন্দোলনে নামেন। তারা প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত কলমবিরতি কর্মসূচি পালন করায় কাস্টমস ও রাজস্ব আদায়ের কার্যক্রমে স্থবিরতা নেমে আসে।
