আন্তর্জাতিক ডেস্ক:
ইন্টারন্যাশনাল ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার সরকারের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বরখাস্ত করেছেন। সরকারি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্যালান্টকে লেখা বরখাস্তের চিঠি হাতে পাওয়ার ৪৮ ঘণ্টা পর তার দায়িত্ব শেষ হবে। গ্যালান্টের জায়গায় প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাচ্ছেন বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ, আর তার স্থলাভিষিক্ত হবেন গিডিয়ান সার। তবে গিডিয়ান সার এর আগে কোনোদিন পররাষ্ট্রমন্ত্রী পদে দায়িত্ব পালন করেননি।
এই সিদ্ধান্তের কারণ হিসেবে নেতানিয়াহু জানিয়েছেন, যুদ্ধের শুরুতে গ্যালান্টের প্রতি আস্থা থাকলেও যুদ্ধের শেষে এসে সেই বিশ্বাসে ফাটল ধরেছে। তিনি বলেন, “গ্যালান্ট এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন ও বিবৃতি দিয়েছেন, যা মন্ত্রিসভার সিদ্ধান্তের পরিপন্থী।” এসময় নেতানিয়াহু গ্যালান্টের বিরুদ্ধে পরোক্ষভাবে শত্রুদের সহযোগিতার ইঙ্গিতও দিয়েছেন।
প্রতিরক্ষামন্ত্রী বরখাস্তের ঘটনায় ইসরায়েলের অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভীর নেতানিয়াহুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এবং উল্লাস প্রকাশ করেছেন।
