নিউজ ডেস্ক:
কক্সবাজারের রামু উপজেলার মিয়ানমার সীমান্তবর্তী রাজারকুল থোয়াইংগ্যকাটা এলাকার বালুচড়া দক্ষিণের পাহাড়ে আহত একটি বন্যহাতিকে চিকিৎসা দিতে গিয়ে হাতির আক্রমণে গুরুতর আহত হয়েছেন দুই চিকিৎসকসহ তিনজন। শুক্রবার (১৫ আগস্ট ২০২৫) বিকেলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— ডুলাহাজরা সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকারনাইন, গাজীপুর সাফারি পার্কের ভেটেরিনারি সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং ‘সেভ দ্য ন্যাচার অব বাংলাদেশ’ কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মো. আতিকুর রহমান।
প্রত্যক্ষদর্শীরা জানান, সীমান্ত এলাকায় স্থল মাইন বিস্ফোরণে আহত হাতিটিকে চিকিৎসা দেওয়ার সময় আচমকা ক্ষিপ্ত হয়ে ওঠে হাতিটি। এ সময় হাতিটির আক্রমণে তিনজন গুরুতর আহত হন।
পরে দ্রুত আহতদের উদ্ধার করে রামু ক্যান্টনমেন্টে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর হেলিকপ্টারযোগে ঢাকায় পাঠানো হয়।
উল্লেখ্য, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক সহায়তায়ও অঙ্গীকারবদ্ধ থেকে বিভিন্ন সময়ে এগিয়ে আসে বিজিবি।
