নিউজ ডেস্ক:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আন্দোলনে আহতদের পুনর্বাসন নিশ্চিত করা হবে এবং তাদের যোগ্যতা অনুযায়ী বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “এ নিয়ে কাজ চলছে, সবাই ধৈর্য ধরুন।”
রোববার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে পুলিশের ব্যারিকেড ভেঙে আন্দোলনের আহতরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান নেন। পরে সেখানে উপস্থিত হয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, “আহতদের সুচিকিৎসা দিতে না পারা সরকারের ব্যর্থতা। এর জন্য আমলাতান্ত্রিক জটিলতা দায়ী। সচিব ও আমলারা এর জন্য দায়ী।”
এর আগে, শনিবার (১ ফেব্রুয়ারি) রাতে সুচিকিৎসা, পুনর্বাসন ও ক্ষতিপূরণের দাবিতে রাজধানীর পঙ্গু হাসপাতালের সামনে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। সারাদিন বিক্ষোভের পর তারা রাতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নেন।
