নিউজ ডেস্ক:
বন্যাদুর্গত অঞ্চলে পুনর্বাসন কার্যক্রম শুরু করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ফাউন্ডেশনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ গত সোমবার (২১ অক্টোবর) ফেনীতে দুটি স্যাম্পল ঘর ও ৪০টি অটোরিকশা বিতরণের মাধ্যমে এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ফাউন্ডেশনটি ৭১ কোটি টাকার এই প্রকল্পের আওতায় প্রায় ১০ হাজার অসহায় পরিবারকে পুনর্বাসন করার উদ্যোগ নিয়েছে। প্রকল্পটির মূল লক্ষ্য হচ্ছে ১৫০০ সম্পূর্ণ নষ্ট হওয়া ঘর পুনর্নির্মাণ এবং ৮৪০০ ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর মেরামত, ব্যবসা এবং কৃষি সহায়তা প্রদান।
এই কার্যক্রমের অধীনে ১০০ অটোরিকশা বিতরণ করা হচ্ছে, যার প্রতিটির মূল্য ১ লাখ ২৫ হাজার টাকা। ইতোমধ্যে দুটি স্যাম্পল ঘর নির্মাণের পাশাপাশি ফেনীতে ৪০টি অটোরিকশা বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য দুর্গত জেলাগুলোতে আরও ৬০টি অটোরিকশা বিতরণ করা হবে।
আবেদনকারীদের যাচাই-বাছাই শেষে স্বেচ্ছাসেবী প্রতিনিধিদের সুপারিশ অনুযায়ী উপকারভোগীদের চূড়ান্ত করা হয়েছে। স্যাম্পল ঘরগুলোর গুণগত মান যাচাইয়ের পর উন্মুক্ত টেন্ডারের মাধ্যমে নির্মাণ কার্যক্রম শুরু হবে। পুনর্বাসনের অর্থ মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে উপকারভোগীদের কাছে পাঠানো হবে, যাতে তারা স্বল্প খরচে ক্যাশ আউট করতে পারেন।