নিউজ ডেস্ক :
আশুলিয়ায় আলোচিত ৬ মরদেহ পোড়ানোর মামলার তদন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রোববার (২৩ মার্চ) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার এই মামলার তদন্ত পূর্ণাঙ্গভাবে শেষ হয়েছে, যা ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথম।
তিনি আরও জানান, এ ছাড়া আরও ৩-৪টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে, যা ঈদের পরপরই সম্পন্ন হবে। এই রিপোর্টগুলো হাতে আসার পর আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে এবং বিচারিক কার্যক্রম শুরু হবে।
এ মামলায় গত ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলামসহ চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। প্রসিকিউশনের পক্ষে শুনানিতে অংশ নিয়ে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ৫ আগস্ট ছয় শিক্ষার্থীকে গুলি করে হত্যার পর পরিকল্পিতভাবে তাদের মরদেহ পোড়ানো হয়েছিল।
