নিউজ ডেস্ক :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, একটি গোষ্ঠী আন্দোলনকে ‘হাইজ্যাক’ করে ক্ষমতায় বসেছে, যা শেখ হাসিনার অগণতান্ত্রিক শাসনব্যবস্থারই অংশ। তিনি বলেন, এভাবে ক্ষমতায় যাওয়ার প্রক্রিয়া বাংলাদেশের জনগণ মেনে নেবে না, তাই সবাইকে আবারও ঐক্যবদ্ধ হতে হবে।
শনিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর শ্যামলীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, আন্দোলনের মালিকানা নিয়ে প্রশ্ন তুললে দেশ বিভক্ত হয়ে যাবে। বিএনপি সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করলেও কখনো একক দাবিদার হিসেবে নিজেকে উপস্থাপন করেনি। তিনি বলেন, এই আন্দোলন শুধু ৩৬ দিনের নয়, বরং বিগত ১৫ বছর ধরে চলমান গণতান্ত্রিক লড়াইয়েরই অংশ।
তিনি আরও বলেন, আন্দোলন যখন থেমে যাওয়ার পথে, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ত্রাণকর্তা হিসেবে আবির্ভূত হয়। কিন্তু তাদের ভূমিকা কেউ আলোচনায় আনছে না। তাদের অবদানের স্বীকৃতি দিতে প্রয়োজনীয় ঘোষণা দিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
