রাঙামাটি প্রতিনিধি
রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি চিংকিউ রোয়াজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা ও সম্ভাব্য নাশকতা প্রতিরোধের অংশ হিসেবে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার (৭ নভেম্বর) রাতে জেলা শহরের কালিন্দিপুর এলাকায় নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশ। রোববার (৮ নভেম্বর) সকালে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জসিম উদ্দিন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক পটপরিবর্তনের জের ধরে দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন সাবেক এই জেলা পরিষদ চেয়ারম্যান। সম্প্রতি তিনি গোপনে নিজ এলাকায় অবস্থান নিচ্ছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিন্দিপুর এলাকায় অভিযান চালায় পুলিশ।
গ্রেপ্তারকৃত চিংকিউ রোয়াজা রাঙামাটি জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি পদে দায়িত্ব পালন ছাড়াও পার্বত্য অঞ্চলের ঐতিহ্যবাহী ‘হেডম্যান অ্যাসোসিয়েশন’-এরও অন্যতম শীর্ষ নেতা।
ওসি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, “জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সম্ভাব্য নাশকতা বা অস্থিতিশীলতা প্রতিরোধে বিশেষ অভিযান চালানো হচ্ছে। চিংকিউ রোয়াজার বিরুদ্ধে একাধিক সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আইনি প্রক্রিয়া চূড়ান্ত করে তাকে দ্রুত আদালতে হস্তান্তর করা হবে।”
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, জেলার শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে এই চিরুনি অভিযান অব্যাহত থাকবে।
