জাগ্রত পাহাড় ডেস্ক:
বাংলাদেশ সরকার ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে। সোমবার (২ ডিসেম্বর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় এই ঘটনার জন্য কড়া প্রতিবাদ জানায়।
বিবৃতিতে জানানো হয়, হিন্দু সংগ্রাম সমিতির বিক্ষোভকারীদের একটি বৃহৎ দল সহকারী হাইকমিশনে সহিংস হামলা চালায়। তারা প্রধান ফটক ভেঙে ফেলে, জাতীয় পতাকা টাঙানোর খুঁটি ফেলে দেয় এবং বাংলাদেশের জাতীয় পতাকাকে অবমাননা করে। এমনকি, তারা হাইকমিশনের ভেতরে প্রবেশ করে জিনিসপত্র নষ্ট করে।
পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করে, “ঘটনাস্থলে উপস্থিত আইনশৃঙ্খলা বাহিনী বিক্ষোভ ও হামলা ঠেকাতে সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। তাদের এই ভূমিকা অত্যন্ত দুঃখজনক। এতে সহকারী হাইকমিশনের কর্মীরা গভীর নিরাপত্তাহীনতায় ভুগছেন।”
বিবৃতিতে আরও জানানো হয়, এর আগে গত ২৮ নভেম্বর কলকাতায় একই ধরনের একটি ঘটনা ঘটেছিল। এরই ধারাবাহিকতায় এবার ত্রিপুরার কূটনৈতিক মিশনে হামলা ও জাতীয় পতাকা অবমাননা করা হয়েছে। এই কর্মকাণ্ড স্পষ্টতই ভিয়েনা কনভেনশন লঙ্ঘন করে।
বাংলাদেশ সরকার দ্রুত এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে ভারতের প্রতি আহ্বান জানিয়েছে। একই সঙ্গে, ভারতে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি জানিয়েছে।
