নিউজ ডেস্ক:
খাগড়াছড়ি, ৫ নভেম্বর – খাগড়াছড়িতে আকস্মিক ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি ও হতাহতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় ঝড়ো বাতাস, বজ্রপাত ও শিলাবৃষ্টি হয়, এতে অন্তত একজনের মৃত্যু এবং একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
খাগড়াছড়ি সদরের আলুটিলা পুনর্বাসন এলাকার অচাইপাড়ায় বজ্রাঘাতে ভগীরণ ত্রিপুরা (৮০) নামক এক ব্যক্তি নিহত হন। তিনি বিকেলে গরু নিয়ে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া ঝড় চলাকালে জেলা প্রশাসকের কার্যালয়ে গাছ ভেঙে পড়ে একজন আহত হন।
জেলা শহরের বিভিন্ন এলাকায়, বিশেষ করে বাস টার্মিনাল, অর্পনা চৌধুরী পাড়া, নিউজিল্যান্ড রোড ও নারায়ণখাইয়ায় ঝড়ের কারণে গাছ ভেঙে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। গাছ ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে যাওয়ায় অনেক গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকার তথ্য সংগ্রহ এবং সহযোগিতার কাজ চলছে।
জেলা প্রশাসকের কার্যালয়ে ঝড়ো বাতাসে জানালার কাঁচ, শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) এবং একটি গাড়ির গ্যারেজের শেড ক্ষতিগ্রস্ত হয়। খাগড়াছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া জানান, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে সহায়তায় নিয়োজিত রয়েছে।
