নিউজ ডেস্ক:
বিডিআর হত্যাকাণ্ডের বিচার দাবিতে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মাহিন সরকার। সোমবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
মাহিন সরকারের এই ঘোষণার সাথে সংহতি প্রকাশ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এবং সমন্বয়ক সারজিস আলম।
মাহিন তার পোস্টে বলেন, ‘বিডিআর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতে কমিশন গঠনে গড়িমসি করে বর্তমান অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এটি একটি চরম ব্যর্থতা এবং প্রহসন।’ তিনি আরও উল্লেখ করেন যে, ‘আমরা আমাদের সার্বভৌমত্ব রক্ষায় আপসহীন থাকব এবং এই বিচার আদায়ে আইন উপদেষ্টার কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করব।’
এই ঘোষণার প্রতি একাত্মতা প্রকাশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘আমি আমার ভাই মাহিনের পক্ষে আছি। বিডিআর হত্যাকাণ্ডের বিচার হতেই হবে।’
একই সাথে সারজিস আলম বলেন, ‘মাহিন সরকারের ঘোষণার প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। আগামীকাল সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দেখা হবে, ইনশাআল্লাহ।’
মাহিন সরকারের আহবানে সাড়া দিয়ে তিনি ছাত্র-জনতাকে আগামীকাল (১৭ ডিসেম্বর) সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমি এই আন্দোলন থেকে বিন্দুমাত্র পিছু হটবো না।’