নিউজ ডেস্ক :
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় নির্ধারণে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সোমবার (১৭ মার্চ) তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ বৈঠকে মাঠপর্যায়ের শীর্ষ পুলিশ কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
বিশেষ এ বৈঠকে দেশের ১২৭ জন পুলিশ কর্মকর্তা অংশ নেবেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনার পাশাপাশি সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে। এতে দেশের সব জেলা পুলিশের সুপার (এসপি), রেঞ্জ ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, বিভিন্ন ইউনিটের প্রধান, পুলিশ সদর দপ্তরের তিনজন ডিআইজি, অতিরিক্ত আইজিপি ও আইজিপি উপস্থিত থাকবেন। প্রধান উপদেষ্টা বৈঠকে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক ভাষণও দেবেন।
এর আগে, রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সাম্প্রতিক পরিস্থিতিতে আইনশৃঙ্খলা নিয়ে মানুষের উদ্বেগ বেড়েছে। এই বাস্তবতায় নিরাপত্তা ব্যবস্থা আরও সুসংহত করতে মাঠপর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনায় বসছেন প্রধান উপদেষ্টা।
