নিউজ ডেস্ক:
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে আজ সন্ধ্যা ৬টা থেকে ‘সেন্ট্রাল কমান্ড সেন্টার’ চালু করা হচ্ছে, যা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হবে। রোববার (৯ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, অর্থনীতি ইতোমধ্যে ঘুরে দাঁড়াচ্ছে এবং বিগত পাঁচ মাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি ১০ শতাংশ উন্নতি করেছে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকার জুলাইয়ের মধ্যে তা ৭ শতাংশ কমিয়ে আনার লক্ষ্যে কাজ করছে। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে নয় লাখ টন খাদ্যশস্য আমদানির পরিকল্পনাও নেওয়া হয়েছে।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে ব্যয় সংকোচন প্রসঙ্গে তিনি জানান, বিদ্যুৎ খাতে ভর্তুকি ৪০ হাজার কোটি টাকা থেকে বাড়িয়ে ৬২ হাজার কোটি টাকায় উন্নীত করা হয়েছে, তবে গ্রাহক পর্যায়ে দাম না বাড়িয়ে উৎপাদন খরচ কমানোর কৌশল নেওয়া হচ্ছে। এছাড়া গ্যাস উৎপাদন বাড়িয়ে ২০২৮ সালের মধ্যে দৈনিক ১৫০০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
এছাড়া ব্যাংক খাতের স্বচ্ছতা নিশ্চিত করতে কেন্দ্রীয় ব্যাংকের স্বায়ত্তশাসন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেছেন প্রধান উপদেষ্টা। ব্যাংক খাতে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে এস আলম গ্রুপের সম্পদ ফ্রিজ করা হয়েছে এবং নগদের বিরুদ্ধেও পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রেস সচিব।
