নিউজ ডেস্ক:
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে তা আন্তর্জাতিকভাবে ভুল বার্তা দিতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে তিনি নাগরিকদের আইনশৃঙ্খলা রক্ষায় সচেষ্ট থাকার আহ্বান জানান।
তিনি বলেন, “যারা সম্পত্তির ওপর হামলা চালিয়েছেন, তাদের ক্ষোভ বোধগম্য। কিন্তু নতুন বাংলাদেশের ভিত্তি হবে আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকা। অতীতের ফ্যাসিবাদী শাসনের সঙ্গে আমাদের আচরণের কোনো মিল থাকা উচিত নয়।”
প্রধান উপদেষ্টা শেখ হাসিনা ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের পরিবারের সম্পত্তির ওপর কিংবা কোনো নাগরিকের বিরুদ্ধে হামলা না চালানোর অনুরোধ জানিয়ে বলেন, “ফ্যাসিবাদী নেতারা দেশকে দুর্দশার মধ্যে ফেলে গেছেন। আমরা যদি সংযত থাকি, তাহলে তারা আর ফিরে আসার সুযোগ পাবে না।”
তিনি আরও বলেন, “আমাদের নিরাপত্তা বাহিনী সতর্ক রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত। যারা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, তারা বিচারের আওতায় আসবে।”
দেশের সব নাগরিকের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, “আত্মনিয়ন্ত্রণ বজায় রেখে আমাদের শান্তিপূর্ণ ও গঠনমূলক উদ্যোগ নিতে হবে, যাতে বাংলাদেশ একটি নিরাপদ ও সম্মানজনক দেশ হিসেবে গড়ে উঠতে পারে।”