জাগ্রত পাহাড় ডেস্ক:
চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের এক শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এস এম সোয়েব স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থী শুভ কান্তি দাশ বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির আইন বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর গ্রামে।
বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার জানান, শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আইন বিভাগের একাডেমিক কাউন্সিল সভায় শুভ কান্তি দাশকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এর আগে, শিক্ষার্থীরা সাইফুল ইসলাম হত্যাকাণ্ডে সংশ্লিষ্টতার অভিযোগ তুলে শুভ কান্তি দাশের ছাত্রত্ব বাতিলের দাবি জানায়।
উল্লেখ্য, বহিষ্কৃত শিক্ষার্থী শুভ কান্তি দাশ নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগ ও ইসকনের সক্রিয় কর্মী ছিলেন।
— প্রতিবেদক