জাগ্রত পাহাড় ডেস্ক:
ঢাকা, ২১ জানুয়ারি: কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে চিকিৎসকদের পেশাদারিত্ব, আন্তরিকতা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বাহারুল আলম বিপিএম।
আজ সকালে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা এবং কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ নির্দেশনা প্রদান করেন।
সভায় আইজিপি হাসপাতালের সেবা কার্যক্রমকে আরও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি চিকিৎসক ও নার্সদের পুলিশ সদস্য ও তাদের পরিবারের জন্য নিরবচ্ছিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য ধন্যবাদ জানান এবং সেবার মান আরও বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন পরামর্শ দেন।
সভায় জানানো হয়, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে প্রতিদিন প্রায় সাড়ে চার হাজার পুলিশ সদস্য এবং তাদের পরিবারের সদস্য চিকিৎসা সেবা গ্রহণ করেন। প্যাথলজিক্যাল রিপোর্ট গ্রহণ করেন প্রায় দেড় হাজার জন। গত বছর হাসপাতালের চক্ষু বিভাগে ৭১২টি এবং অন্যান্য বিভাগে ৬,৪৬৭টি সফল অপারেশন সম্পন্ন হয়েছে।
আইজিপি হাসপাতালের বিভিন্ন বিভাগ, যেমন ডিজিটাল চিকিৎসা সেবা (রেজিস্ট্রেশন, ওপিডি, কনসালটেশন), ইমার্জেন্সি বিভাগ, রেডিওলজি ও ইমেজিং, আইসিইউ এবং ডায়ালাইসিস ইউনিট পরিদর্শন করেন। তিনি সেবা গ্রহীতাদের চিকিৎসা গ্রহণ প্রক্রিয়া সরাসরি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) সরদার নূরুল আমিন, অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ডা. মোঃ এমদাদুল হক এবং সুপারিনটেনডেন্ট ডা. এ বি এম মোঃ খোরশেদ আলম উপস্থিত ছিলেন।
(সংবাদপত্রে প্রকাশের জন্য প্রস্তুত করা হয়েছে।)