জাগ্রত পাহাড় ডেস্ক:
ঢাকা, ২৫ নভেম্বর: অহিংস গণঅভ্যুত্থান সংগঠনের আহ্বায়ক আ ব ম মোস্তফা আমীনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খলিল মনসুর।
পুলিশ সূত্রে জানা গেছে, বিনা সুদে ঋণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে মানুষকে রাজধানীতে জড়ো করার সঙ্গে মোস্তফা আমীনের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। অভিযোগ উঠেছে, বিদেশে পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে প্রতিজনকে এক লাখ টাকা ঋণ দেওয়ার আশ্বাস দিয়ে শাহবাগে বিশাল সমাবেশ আয়োজনের প্রচেষ্টা চালানো হয়।
এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগে মোস্তফা আমীনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ওসি খলিল মনসুর।
পুলিশের দাবি, সমাবেশটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন আশঙ্কায় দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।