নিউজ ডেস্ক :
নতুন বছরের সূচনালগ্নে দেশ থেকে অশুভ শক্তির অবসান ঘটেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অবশিষ্ট অশুভও শিগগিরই নির্মূল হবে। সোমবার (১৪ এপ্রিল) রমনার বটমূলে বাংলা নববর্ষ ১৪৩২-এর বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
শফিকুল আলম বলেন, “নতুন বাংলাদেশে নবর্ষের উৎসব এক অনন্য মিলনমেলায় রূপ নিয়েছে। আজ আমরা যেই ঐক্য, সৌহার্দ্য ও আনন্দে নববর্ষ উদযাপন করছি, তা প্রমাণ করে—অমঙ্গল দূর হয়েছে। আর যা কিছু নেতিবাচক, তাও খুব শিগগিরই অতীত হয়ে যাবে।”
তিনি আরও বলেন, জাতি এখন একটি বৈষম্যহীন ও উন্নয়নমুখী বাংলাদেশ নির্মাণের পথে দৃঢ় প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে। দেশজুড়ে শান্তি, স্থিতিশীলতা ও প্রগতির ধারাবাহিকতা রক্ষায় সরকার ও জনগণ একযোগে কাজ করছে বলে উল্লেখ করেন তিনি।
প্রেস সচিব নতুন বছরের প্রথম দিনেই একটি ঐক্যবদ্ধ, আলোকিত ও শুভবোধসম্পন্ন বাংলাদেশ গড়ার আহ্বান জানান এবং দেশের উত্তরোত্তর উন্নতি কামনা করেন।
