নিউজ ডেস্ক:
ঢাকা: অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, ভবিষ্যতে অর্থ পাচার বা লুটপাটকারীদের শাস্তি থেকে কেউ রেহাই পাবে না। প্রাইভেট কিংবা পাবলিক সেক্টরের যেই হোক, অপরাধ করলে ধরা পড়তেই হবে।
শনিবার রাজধানীর মহাখালীতে আয়োজিত ‘পলিসি ডায়ালগ অন ফিন্যানসিয়াল অ্যান্ড ইকোনমিক রিফর্মস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।
ড. সালেহউদ্দিন বলেন, “অর্থনৈতিক খাতে যেভাবে লুটপাট হয়েছে, তা থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে। শুধু উন্নয়নের সংখ্যা দেখানোর প্রবণতা থেকে সরে এসে কার্যকর ও স্থিতিশীল উন্নয়ন কৌশল গ্রহণ করতে হবে।”
তিনি আরও বলেন, বেশিরভাগ প্রতিষ্ঠান এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। অনেক প্রকল্প বাস্তবায়ন করা হলেও ফিজিবিলিটি টেস্ট না করায় এগুলোর স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে, আদানি বিদ্যুৎ প্রকল্পের ক্ষেত্রে কোনো কর পরিশোধ করা হয়নি এবং অর্থ প্রদানে দীর্ঘসূত্রিতা অবলম্বন করা হয়েছে।
অর্থনৈতিক সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, “মাল্টিলেটারাল এবং বাইলেটারাল অংশীদাররা সহায়তার আশ্বাস দিলেও অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত না হলে বিদেশি সহযোগিতা হ্রাস পেতে পারে। বর্তমান সরকার স্বল্প ও মধ্যমেয়াদি কিছু সংস্কার করবে, তবে দীর্ঘমেয়াদি সংস্কার সম্ভব হবে রাজনৈতিক সরকারের মাধ্যমে।”
এই সেমিনারে অর্থনৈতিক স্থিতিশীলতা ও সুশাসন প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।
