নিউজ ডেস্ক;
ঢাকা: ছাত্র-জনতার অভ্যুত্থানের চেতনা ধারণ করে মাঠ প্রশাসনকে জনগণের সেবায় কাজ করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, মাঠপর্যায়ের প্রশাসনই আসল সরকার এবং এর মাধ্যমেই জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব।
সোমবার (৩০ ডিসেম্বর) সকালে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
ড. ইউনূস বলেন, “অন্তর্বর্তী সরকার সবার অধিকার নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। মাঠপর্যায়ের প্রকল্পগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের মনোযোগী হতে হবে। জনগণের উন্নয়নের জন্য প্রশাসনের প্রত্যেক সদস্যকে নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, পুলিশের যেসব সদস্য বিভিন্ন অপরাধে জড়িত, তাদের শাস্তির আওতায় আনা হবে। প্রশাসনের দায়িত্ব হলো সুশাসন প্রতিষ্ঠা করা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা।
নতুন শিক্ষাবর্ষের শুরুতে শিক্ষার্থীদের মধ্যে সময়মতো বই বিতরণের ওপর গুরুত্বারোপ করে প্রধান উপদেষ্টা বলেন, “বই বিতরণে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, সেদিকে বিশেষ দৃষ্টি দিতে হবে।”
মতবিনিময়ের সময় মাঠ প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন প্রকল্পের অগ্রগতি ও সমস্যা নিয়ে আলোচনা করেন। প্রধান উপদেষ্টা তাদের সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেন।
অন্তর্বর্তী সরকার জনগণের আস্থা ধরে রাখতে এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে মাঠ প্রশাসনের কার্যকর ভূমিকা প্রত্যাশা করছে বলে তিনি জানান।