অবৈধ সম্পদের অভিযোগে শেখ হাসিনার সাবেক বিশেষ সহকারী গোলাপের বিরুদ্ধে দুদকের মামলা

নিউজ ডেস্ক :

শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুস সোবহান গোলাপের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৯ মার্চ) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের অভিযোগে বলা হয়েছে, গোলাপ সংসদ সদস্য হিসেবে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স এলাকায় ৯টি ফ্ল্যাট ও বাড়ি কিনেছেন, যার মূল্য ৩২ কোটি টাকা। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, তার দখলে জ্ঞাত আয় বহির্ভূত ৬৮ কোটি ৩২ লাখ ৭৫ হাজার ৬৬৫ টাকার সম্পদ রয়েছে এবং তার ও স্বার্থসংশ্লিষ্টদের ৫১টি ব্যাংক হিসাবে ৯৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন পাওয়া গেছে।

এর আগে, গত ১৯ জানুয়ারি আদালতের আদেশে গোলাপ, তার স্ত্রী গুলশান আরা মিয়া, ছেলে ইভান সোবহান মিয়া ও মেয়ে আনিশা গোলাপ মিয়ার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক করা হয় এবং তাদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়।

গত ২৫ আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে আইনশৃঙ্খলা বাহিনী গোলাপকে গ্রেফতার করে। তিনি ২০১৮ সালে মাদারীপুর-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং পরে আওয়ামী লীগের কেন্দ্রীয় দফতর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।