নিউজ ডেস্ক:
আগামী ছয় মাস অন্তর্বর্তী সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
প্রেস সচিব জানান, প্রধান উপদেষ্টা বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রথম ছয় মাসে প্রাথমিক অধ্যায় সম্পন্ন হয়েছে। আর রাজনৈতিক সংলাপের মাধ্যমে শুরু হলো দ্বিতীয় অধ্যায়।
এদিন সংলাপে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ৬ সদস্যের প্রতিনিধি দল ও জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল অংশ নেয়। এছাড়া এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় পার্টির (জাফর) মোস্তফা জামাল হালদার, বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থসহ আরও কয়েকটি রাজনৈতিক দলের নেতারা বৈঠকে উপস্থিত ছিলেন।
গত বুধবার অন্তর্বর্তী সরকার সাত সদস্যের জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে। কমিশনের সভাপতি করা হয়েছে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে এবং সহ-সভাপতি হয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ। এই কমিশনের অধীনে বিভিন্ন খাতে সংস্কারের দায়িত্বপ্রাপ্ত আরও পাঁচজন বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
