নিউজ ডেস্ক :
সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ ২০২৫ বাতিলের দাবিতে আজকের মধ্যে সিদ্ধান্ত না এলে সচিবালয় অচল করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছেন কর্মকর্তা-কর্মচারীরা। একইসাথে তারা সিএল ছুটি নিয়ে দপ্তরে অনুপস্থিত থাকার সিদ্ধান্তও নিয়েছেন।
সোমবার (২৬ মে) বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী সংযুক্ত পরিষদের আয়োজনে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ কর্মসূচি পালনকালে নেতারা এ ঘোষণা দেন।
সকাল থেকেই তৃতীয় দিনের মতো দফতরের কাজ বন্ধ রেখে শত শত কর্মকর্তা-কর্মচারী আন্দোলনে অংশ নেন। সচিবালয়ের প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়া হয়, অবস্থান ধর্মঘট চলে মন্ত্রিপরিষদ বিভাগ ও জন প্রশাসন ভবনের সামনেও।
পরিষদের নেতারা বলেন, নতুন অধ্যাদেশের ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের যে কোনো সময় চাকরি থেকে অব্যাহতি দেওয়ার সুযোগ থাকছে, কিন্তু নেই আপিলের ব্যবস্থা। এমন অনিরাপত্তামূলক আইন কখনোই মেনে নেওয়া হবে না বলেও জানান তারা।
তারা আরও জানান, এই অধ্যাদেশ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন। প্রয়োজনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার মতো কঠোর পদক্ষেপেও যাবেন বলেও হুঁশিয়ারি দেন নেতারা।
গত তিন দিন ধরে সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নতুন অধ্যাদেশ না জারির আহ্বান জানিয়ে আন্দোলন করছিলেন। কিন্তু রোববার সন্ধ্যায় সরকার অধ্যাদেশ জারি করলে, তা ‘নিবর্তনমূলক’ ও ‘কালাকানুন’ আখ্যা দিয়ে আজ কঠোর কর্মসূচির ঘোষণা দেন তারা।