নিউজ ডেস্ক :
বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে সম্মানজনক ‘অনারারি ফেলোশিপ’ প্রদান করেছে বিশ্বের অন্যতম খ্যাতনামা শিক্ষাপ্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। বিচার বিভাগের জন্য এ এক বিরল ও গৌরবময় স্বীকৃতি।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে জানান, যুক্তরাজ্যের ওয়াডাম কলেজ থেকে আইন শাস্ত্রে প্রথম শ্রেণিতে ডিগ্রি অর্জন করা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবার ওই কলেজের আজীবনের অনারারি ফেলো হলেন। এতে শুধু তার ব্যক্তিগত সাফল্যই নয়, বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি আন্তর্জাতিক অঙ্গনের মর্যাদা ও সম্মানও প্রতিফলিত হলো।
সুপ্রিম কোর্ট এই সম্মানজনক স্বীকৃতির জন্য বিচারপতিকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এটি দেশের বিচার ব্যবস্থার উৎকর্ষ, বুদ্ধিবৃত্তিক দৃঢ়তা এবং ন্যায়বিচারের প্রতি বিশ্বমঞ্চের স্বীকৃতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।
এই ফেলোশিপের ফলে তিনি ওয়াডাম কলেজের বিভিন্ন বার্ষিক অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ পাবেন এবং বিশেষ নৈশভোজের আমন্ত্রণেও শরিক হতে পারবেন।
