নিউজ ডেস্ক:
চট্টগ্রামের পটিয়া থানার পুলিশ দুই মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল ইসলাম প্রকাশ আজিজকে (৩৭) গ্রেপ্তার করেছে। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের মনসা এলাকায় বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আজিজুল ইসলাম আজিজ কুসুমপুরা ইউনিয়নের মনসা গ্রামের নুরুল ইসলাম প্রকাশ নুরুল আলমের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজিজের অবস্থান নিশ্চিত হয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর, ওসি (তদন্ত) আতাউর রহমান ও উপ-পরিদর্শক রাজু আহমেদ গাজীর নেতৃত্বে একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আজিজুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন প্রতারণার অভিযোগসহ মোট ১৩টি মামলা বিচারাধীন রয়েছে। বুধবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পটিয়া থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, “দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি আজিজুল ইসলাম আজিজকে গ্রেপ্তার করা হয়েছে। আদালত তার বিরুদ্ধে দুটি মামলায় সাজা প্রদান করেছেন। এছাড়াও তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”