নিউজ ডেস্ক :
কক্সবাজারের টেকনাফ উপকূল থেকে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ ৫৬ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বুধবার (৫ মার্চ) টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, এ ঘটনায় কোস্টগার্ড ও বিজিবির সঙ্গে আলোচনা চলছে এবং আটক জেলেদের ফিরিয়ে আনতে পদক্ষেপ নেওয়া হচ্ছে।
ট্রলার মালিক সমিতির তথ্য অনুযায়ী, আটক ট্রলারগুলোর মধ্যে দুইটি মোহাম্মদ শফিকের, বাকি চারটি বশির আহমদ, মোহাম্মদ আমিন, নুরুল আমিন ও আবদুর রহিমের মালিকানাধীন।
শাহ পরীর দ্বীপ দক্ষিণ পাড়ার ট্রলার মালিক সমিতির সভাপতি বশির আহমেদ জানান, সেন্টমার্টিনের দক্ষিণে মাছ ধরার সময় তার একটি ট্রলারসহ ছয়টি ট্রলার আরাকান আর্মি ধরে নিয়ে গেছে, যেখানে ৫৬ জন মাঝিমাল্লা ছিলেন।
বুধবার মধ্যরাত পর্যন্ত ট্রলার ও জেলেদের ছেড়ে দেওয়ার বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি।