ট্রাম্পের কঠোর অভিবাসন নীতিতে নিউইয়র্কে চার বাংলাদেশি গ্রেপ্তার

নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিয়েই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নির্বাহী আদেশ জারি করেছেন। এর পরপরই যুক্তরাষ্ট্রজুড়ে নথিপত্রহীন অভিবাসীদের গ্রেপ্তার অভিযান শুরু হয়েছে। নিউইয়র্কের ব্রুকলিন বরোর ফুলটন এলাকায় সাদা পোশাকে অভিযান চালিয়ে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস ইনফোর্সমেন্ট (আইস) চারজন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে।

নিউইয়র্কে অভিবাসন নিয়ে কাজ করা আইন কর্মকর্তা খাদিজা মুনতাহা রুবা জানান, ফুলটন এলাকায় আড্ডা দেওয়া অবস্থায় নথিপত্রহীন চার বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে, সাদাপোশাকের কর্মকর্তারা পরিচয়পত্র দেখতে চাওয়ায় একজন তা দেখাতে অস্বীকৃতি জানান এবং যুক্তরাষ্ট্রের পঞ্চম সংশোধনীর অধিকার উল্লেখ করেন। এর ফলে তাকে গ্রেপ্তার করা হয়। কিছুক্ষণ পর একই এলাকায় আরও তিনজনকে আটক করা হয়।

শপথ নেওয়ার পর ট্রাম্প শতাধিক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যার মধ্যে জো বাইডেন আমলের ৭৮টি আদেশ বাতিল এবং নতুন ৪৭টি আদেশ অন্তর্ভুক্ত। তিনি সীমান্ত নিরাপত্তা জোরদার এবং অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করে সেখানে কঠোর নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ ছাড়া অভিবাসীদের বৈধতা দেওয়ার একটি প্রকল্পও বন্ধ করা হয়েছে।

ট্রাম্প প্রশাসনের আরেক নির্বাহী আদেশে জন্মসূত্রে নাগরিকত্বের নিয়মেও পরিবর্তন আনা হয়েছে। এর ফলে ৩০ দিন পর থেকে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া অবৈধ অভিবাসীদের সন্তানরা আর নাগরিকত্ব পাবে না। এ আদেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ২৪টি অঙ্গরাজ্য এবং শহরের কর্তৃপক্ষ একযোগে মামলা করেছে।

এই পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রে বসবাসরত নথিপত্রহীন বাংলাদেশিদের মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় তাদেরও একই পরিস্থিতির মুখোমুখি হতে হতে পারে বলে আশঙ্কা করছেন তারা।