সাবেক বিমান প্রধানের পরিবারে দুর্নীতির অভিযোগে ৩৮ ব্যাংক হিসাব জব্দ

নিউজ ডেস্ক :

সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান, তার স্ত্রী তাহমিদা বেগম ও ছেলে শেখ লাবিব হান্নানের নামে থাকা মোট ৩৮টি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার (২৪ মে) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিবের আদালত দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পর এই আদেশ দেন।

দুদকের উপ-পরিচালক মো. তানজির হাসিব সরকারের করা আবেদনে বলা হয়, এসব হিসাবে জমা রয়েছে মোট এক কোটি ১৮ লাখ ৩৪ হাজার ৩২২ টাকা। এর মধ্যে শেখ আব্দুল হান্নানের নামে পাঁচটি, তার ছেলের নামে একটি এবং স্ত্রী তাহমিদা বেগমের নামে রয়েছে ৩২টি ব্যাংক হিসাব।

দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম জানান, রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ঘুষ গ্রহণ, অবৈধ নিয়োগ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহার, বিদেশে অর্থ পাচারসহ একাধিক অভিযোগে শেখ আব্দুল হান্নানের বিরুদ্ধে অনুসন্ধান চলছে। ইতোমধ্যে এসব অভিযোগের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তিন সদস্যের একটি অনুসন্ধান দল গঠন করা হয়েছে।

অনুসন্ধান চলাকালে দুদক জানতে পারে, অভিযুক্তরা তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ স্থানান্তর বা গোপনের চেষ্টা করছেন। এজন্য ভবিষ্যতে সম্পদ পুনরুদ্ধার জটিল হয়ে পড়ার আশঙ্কায় জরুরি ভিত্তিতে এসব সম্পদ অবরুদ্ধের প্রয়োজনীয়তা দেখা দেয়।

এর আগে, গত ৫ মে আদালত শেখ হান্নান, তার স্ত্রী ও পুত্রের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দেন। পরদিন জারি হয় তাদের জমি, বাড়ি ও ফ্ল্যাট জব্দের নির্দেশ। এরপরই ব্যাংক হিসাব জব্দের সর্বশেষ পদক্ষেপ নেয়া হলো।