নিউজ ডেস্ক :
নরসিংদীতে জুলাই গণহত্যার ঘটনায় গুলি চালানোর নির্দেশ দেওয়ায় সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলামকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলাটিতে তিনিই প্রথম বিসিএস কর্মকর্তা, যাকে আইনের আওতায় আনা হলো। একই অভিযোগে গ্রেপ্তার হয়েছেন রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী। ট্রাইব্যুনাল তাদের দুজনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।
প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, নরসিংদীতে আন্দোলনরত জনতার ওপর পুলিশকে সরাসরি গুলি চালাতে বলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম। সোমবার তাকে আদালতে হাজির করার পর গ্রেপ্তারের নির্দেশ আসে। পরে একই মামলায় গ্রেপ্তার হন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বান চৌধুরী।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, গুলির নির্দেশে জড়িত আরও কয়েকজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে শনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়া হবে পর্যায়ক্রমে।
১৮ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় পুলিশের গুলিতে প্রাণ হারায় নরসিংদীর দশম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ ভূঁইয়া। এরপর তার লাশ নিয়ে মিছিল করতে গেলে ফের গুলি ছোড়া হয়, প্রাণ যায় আরও একজনের। ওই দিন নরসিংদীতেই অন্তত ২০ জন নিহত হন, আহত হন হাজারের বেশি মানুষ।
এখন পর্যন্ত জুলাই গণহত্যার ঘটনায় ২২টি মামলা হয়েছে এবং অভিযুক্ত করা হয়েছে ১৪১ জনকে। তবে গ্রেপ্তার করা গেছে মাত্র ৫৪ জনকে, যাদের বেশিরভাগই পুলিশ সদস্য। চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের ভাষ্য, তদন্তের অগ্রগতিতে উঠে আসছে বিভিন্ন পেশার জড়িত ব্যক্তিদের তথ্য, যা মামলাগুলোকে আরও গভীর ও ব্যাপক পরিসরে পরিচালিত করার ভিত্তি তৈরি করছে।