নিউজ ডেস্ক :
টেকনাফের বড় হাবির পাড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরণের শিকার এক যুবককে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (১ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আইএসপিআর এ তথ্য নিশ্চিত করেছে।
ভুক্তভোগী সাব্বির আহম্মদকে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে একদল অপহরণকারী তার বাসা থেকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি বিশেষ দল উদ্ধার অভিযান চালায়।
অভিযানের একপর্যায়ে শনিবার দুপুর ৩টার দিকে টেকনাফ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের একটি বাড়ি থেকে সাব্বিরকে উদ্ধার করা হয়। এ সময় নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে অপহরণকারী চক্রের কয়েকজন সদস্য পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে হালিমা খাতুন ও মুন্নি আক্তারকে আটক করা হয়।
উদ্ধারকৃত সাব্বিরের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পরে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।