নিউজ ডেস্ক:
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে দায়ের করা একটি মিথ্যা মানিলন্ডারিং মামলায় বেকসুর খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব এবং শরীয়তপুর-৩ আসনের ধানের শীষের জনপ্রিয় প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার জেলা জজ আদালতের বিশেষ জজ রেজাউল করিম এই রায় প্রদান করেন।
২০১৮ সালের ১৪ ডিসেম্বর, মতিঝিল সিটি সেন্টারে বিপুল পরিমাণ অর্থ মজুতের অভিযোগে র্যাবের দায়ের করা মামলায় তাকে জড়ানো হয়। মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও সন্ত্রাসবিরোধী আইনে সাজানো এই মামলায় উল্লেখ করা হয়, নির্বাচনের সময় মিয়া নুরুদ্দিন অপু নির্বাচনকে প্রভাবিত করতে টাকা ছড়ানোর ষড়যন্ত্র করেছিলেন।
তবে আদালতের নথিপত্র এবং সাক্ষ্যপ্রমাণে প্রমাণিত হয়েছে, এই মামলা ছিল পূর্বপরিকল্পিত এবং রাজনৈতিক প্রতিহিংসার অংশ। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ছয় দিন আগে অপুর নির্বাচনী প্রচারণায় সশস্ত্র হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়, যেখানে মাথায় ১৭টি সেলাই দিতে হয়।
এরপরও তাকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। তাকে কখনো কাশিমপুর, কখনো কেরানীগঞ্জ কারাগারে বন্দি রেখে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়।
দীর্ঘ আইনি লড়াই শেষে আদালত প্রমাণের অভাবে তাকে বেকসুর খালাস দেন। বিএনপির নেতাকর্মীরা এই রায়কে ন্যায়ের জয় এবং ক্ষমতাসীন সরকারের অপপ্রচারের পরাজয় বলে উল্লেখ করেছেন।