নিজস্ব প্রতিবেদক
সীমান্তে মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে এক বড় সাফল্য অর্জন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে চালানো বিশেষ অভিযানে মালিকবিহীন অবস্থায় উদ্ধার করা হয়েছে ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকা।
বুধবার (৫ আগস্ট) রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ আশারতলী বিওপির একটি চৌকস আভিযানিক দল সদর ইউনিয়নের সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করে। সীমান্ত পিলার ৪৬ থেকে প্রায় পাঁচ কিলোমিটার ভেতের বাংলাদেশের অভ্যন্তরে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্র জানায়, টহল চলাকালে সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন চোরাকারবারিকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা দ্রুত পালানোর চেষ্টা করলে তাদের ধাওয়া করা হয়। একপর্যায়ে বিজিবির তীব্র তাড়া খেয়ে তারা সাথে থাকা একটি বড় ব্যাগ জঙ্গলে ফেলে পাহাড়ি গহিন অরণ্যে আত্মগোপন করে। পরবর্তীতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে ফেলে যাওয়া ব্যাগটি উদ্ধার করা হয়। ব্যাগটি খুলে ৯টি কার্টনে মোট ৮৯ হাজার ৯১৬ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। এর মধ্যে ছিল ৮৯ হাজার ১৬ পিস হলুদ রঙের এবং ৯০০ পিস সবুজ রঙের ইয়াবা।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির, পিএসসি, ইঞ্জিনিয়ার্স জানান, দেশজুড়ে সরকারের ঘোষিত মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত সুরক্ষা, মানবপাচার প্রতিরোধ ও অবৈধ মাদক প্রবেশ রোধে বিজিবির এই কঠোর ও বিশেষ অভিযান ভবিষ্যতেও নিরবচ্ছিন্নভাবে অব্যাহত থাকবে।
