জমির উদ্দিন, বান্দরবান প্রতিনিধি:
অদ্য ০৩ জুন, ২০২৫ (মঙ্গলবার) বান্দরবান প্রেসক্লাব মিলনায়তনে—দেশে ইভটিজিং, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং সকল সামাজিক সমস্যা বন্ধে ডিজিটাল মোবাইল অ্যাপ ‘নির্ভয় The Protector’ এবং অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘ন্যাশনাল নির্ভয় টিম বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সাইফুল ইসলাম রিমন, সম্মানিত সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি জনাব শফিকুল ইসলাম রাহী এবং বান্দরবান সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক ও গুণী ব্যক্তিত্ব জনাব মেহেদী হাসান।
সভাটি সঞ্চালনা করেন সংগঠনটির কেন্দ্রীয় সহ-সভাপতি জনাব হাবিব আল মাহমুদ এবং সভাপতিত্ব করেন জুলাই সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ন্যাশনাল নির্ভয় টিম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি জনাব সৈয়দ আল মাশরুর জিসান।
উল্লেখ্য, সারাদেশের সামাজিক সমস্যাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ইভটিজিং, ধর্ষণ, ছিনতাই, নারী ও শিশু নির্যাতনসহ নানাবিধ অপরাধমূলক কার্যকলাপ। এসব কার্যকলাপ প্রতিরোধে সদ্য আবিষ্কৃত ডিজিটাল মোবাইল অ্যাপ ‘নির্ভয়’-কে ভিত্তি হিসেবে ধরে দেশের সাংগঠনিক ১২টি জেলার ছাত্র প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত ‘ন্যাশনাল নির্ভয় টিম বাংলাদেশ’ আজ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো—দেশের সকল সামাজিক সমস্যা বন্ধে প্রশাসনের সহায়তায় ছাত্রদের সমন্বয়ে গণসচেতনতা তৈরি এবং নারী ও শিশু অধিকারের বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখা।
প্রধান অতিথির বক্তব্যে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য জনাব সাইফুল ইসলাম রিমন বলেন—“দেশের অন্যান্য উন্নত জেলার মতো পার্বত্য জেলাগুলোতেও উদ্ভাবন ও তরুণ নেতৃত্বের দক্ষতা উন্নয়নে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব শফিকুল ইসলাম রাহী বলেন—“সকল ছাত্র সংগঠন, সামাজিক সংগঠন এবং ধর্মীয় নেতৃত্বের সমন্বয়ে একটি সুন্দর সমাজ গঠনে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি ও শিক্ষাবিদ জনাব মেহেদী হাসান বলেন—“নারী ও শিশু নির্যাতন বন্ধ ছাড়াও দেশের সামগ্রিক সামাজিক সমস্যাগুলো মোকাবিলায় ‘নির্ভয়’ অ্যাপ একটি আশাজাগানিয়া উদ্ভাবন, যা ভবিষ্যতে দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সবশেষে সভাপতি জনাব সৈয়দ আল মাশরুর জিসান উন্মুক্ত প্রশ্নোত্তর সেশন পরিচালনা করেন এবং ‘নির্ভয়’ অ্যাপের খুঁটিনাটি ব্যবহারের পদ্ধতি উপস্থিত সবাইকে বুঝিয়ে দেন।
অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে কেন্দ্রীয় কমিটির ঘোষণার মাধ্যমে। ২০২৫-২৭ সেশনের জন্য ন্যাশনাল নির্ভয় টিম বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বান্দরবানের তরুণ সৈয়দ মাশরুর জিসান, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন জয়পুরহাটের মোঃ রুম্মান জামান। সাংগঠনিক সম্পাদক হিসেবে থাকবেন নড়াইলের আয়িশা হুমায়রা মীম এবং দপ্তর সম্পাদক হবেন ফেনীর ফারজানা আহমেদ অহনা।
খুব শিগগিরই দেশের সকল ছাত্র ও তরুণ প্রতিনিধিদের কাছে ন্যাশনাল নির্ভয় টিম ছড়িয়ে পড়বে—এই প্রত্যাশায় কাজ করে যাবে কেন্দ্রীয় কমিটি।