৭ দফা দাবিতে শহীদ মিনারে পল্লী বিদ্যুৎ কর্মীদের টানা আন্দোলন

নিউজ ডেস্ক :

পল্লী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চেয়ারম্যানের অপসারণসহ ৭ দফা দাবিতে টানা সাত দিন ধরে জাতীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২৭ মে) এই কর্মসূচির সপ্তম দিনে আশির অধিক সমিতির কয়েক হাজার সদস্য উপস্থিত ছিলেন।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, দীর্ঘ ৩৬ বছর ধরে অস্থায়ী পদে দায়িত্ব পালন করলেও তারা সরকারি কোনো সুযোগ-সুবিধা পান না। তাদের দাবি, এসব অনিয়মিত কর্মীদের দ্রুত নিয়মিত করা হোক এবং দীর্ঘদিন ধরে চলে আসা বৈষম্যের অবসান ঘটানো হোক।

তারা আরও জানান, ন্যায্য দাবির পক্ষে আওয়াজ তোলার কারণেই অনেক কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আন্দোলনকারীরা এসব বরখাস্তের সিদ্ধান্ত বাতিল করে পুনর্বহাল, হয়রানিমূলক মামলা প্রত্যাহার ও শাস্তিমূলক বদলি আদেশ বাতিলের জোর দাবি জানান।

সব দাবি মেনে নেওয়া না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শহীদ মিনার চত্বরজুড়ে তাদের উপস্থিতি ও স্লোগানে জমে উঠেছে আন্দোলনের মঞ্চ।