সচিবালয়ে টানা বিক্ষোভ, নিরাপত্তায় বিজিবি ও সোয়াট মোতায়েন

নিউজ ডেস্ক :

সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ-২০২৫ বাতিলের দাবিতে সচিবালয়ে আবারও উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২৭ মে) সকাল থেকে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করে মিছিল করছেন। টানা কয়েকদিন ধরে চলমান এই আন্দোলনের ধারাবাহিকতায় সচিবালয়ের কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে।

নিরাপত্তার স্বার্থে আগেভাগেই দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। এমনকি সাংবাদিকদেরও ভেতরে ঢুকতে দেওয়া হয়নি বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, সচিবালয়ের চারপাশে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মোতায়েন রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), স্পেশাল উইপনস অ্যান্ড ট্যাকটিকস (সোয়াট) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।

বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের ব্যানারে গতকাল সোমবারও চলে বিক্ষোভ কর্মসূচি। তাদের দাবি, সংশোধিত অধ্যাদেশটি জনস্বার্থবিরোধী এবং তা প্রত্যাহার না করা পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে। এদিকে সচিবালয়ের বাইরে ‘জুলাই মঞ্চ’ ব্যানারে এই কর্মসূচির বিরোধিতা করে পাল্টা প্রতিবাদ জানানো হয়েছে।